সন্তান প্রস্রাবের জন্য গর্ভবতী স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনদিন আগে ভর্তি করেছিলেন জাহিদ হাসান আকাশ। স্ত্রীর কাছেই ছিলেন তিনি। এ সময় মৌমাছির একাধিক কামড়ে হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পরেন জাহিদ। এ খবরে স্ত্রী অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার ভোরে। নিহত জাহিদ হাসান আকাশ (২৫) ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের জাকির হোসেনের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।
নিহতের ছোট ভাই রাহুল হোসেন বলেন, ভাই সন্তান সম্ভাবা ভাবীকে দেখভালের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। ভোরে হাসপাতালের ভেতরে কয়েকটি মৌমাছির কামড়ে গুরুতর অসুস্থ বলে খবর পেয়ে গিয়ে দেখি অবস্থা খারাপ। জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহুল আরও বলেন, মৌমাছিতে ভাবিকেও কামড়িয়েছিল। ভাবী এখন সুস্থ আছে। মৌমাছির কামড়ের পর ভাই স্ট্রোক করে মারা যায়।
অন্যদিকে, আজই অপারেশন করার কথা ছিলো আকাশের স্ত্রী পিংকির। স্বামীকে হারিয়ে স্তব্ধ হয়ে পরেছেন তিনি। অপারেশনের কথা ভুলে তিনি স্বামী হারানোর শোকে পাথর হয়ে গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম বলেন, ভোর পাঁচটার সময়ে আকাশ গুরুতর অসুস্থ হলে সেবিকারা কর্তব্যরত ডাক্তারকে জানান। কিন্তু তখন রোগীর অবস্থা খুব খারাপ ছিল এবং কেউ বলতে পারেননি কিসে কামড়িয়েছে। তখনই তিনি মারা যান।