অধ্যক্ষের অপসারণ দাবিতে ধানমন্ডি আইডিয়াল কলেজে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

৪ জুন, ২০২২ ০১:২৪ অপরাহ্ন

অধ্যক্ষের অপসারণ দাবিতে ধানমন্ডি আইডিয়াল কলেজে বিক্ষোভ

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ চার শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভে নেমেছেন সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ আন্দোলনে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।

শনিবার (৪ জুন) সকাল থেকে কলেজ ক্যাম্পাসের ভেতরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মিছিল শুরু হয় । দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিল বেলা ১১ টার দিকে বলেন, অধ্যক্ষসহ মার্কেটিং বিভাগের তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের তরুণ কুমার গাঙ্গুলী, গণিত বিভাগের মো. মনিরুজ্জামানসহ চার শিক্ষকের পদত্যাগের দাবিতে আমরা সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাও আমাদের আন্দোলনে সমর্থন জানিয়ে কলেজে বিক্ষোভ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এর আগে, শুক্রবার (৩ জুন) ওই অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জন, আর্থিক দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে তাকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করেন খোদ কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর