ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্তের বারোপোতা বাজার থেকে ১৮ টি স্বর্ণের বারসহ লিমন হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বুধবার (১০ জুলাই) ভোররাতে পাচারের সময় স্বর্ণের এ বড় চালানসহ তাকে আটক করা হয়। আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।
বিজিবি জানায়, ভোর রাতে গোপন সংবাদে জানতে পারেন পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে , এমন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের সদস্যরা বারোপোতা বাজারে অবস্থান নেয়। কিছুক্ষন পর মোটরসাইকেল যোগে্একযুবক পুটখালি সীমান্তে যাওয়ার সময় বিজিবি তার মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার ও মোটর সা্ইকেল সহ তাকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে তিনি জানান।
বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণেরবার জব্দ, আটক ১
বেনাপোল প্রতিনিধি
১১ জুলাই, ২০২৪ ০৮:৪০ পূর্বাহ্ন