‘মাঘের শীতে বাঘ কাঁপে’ বললেই বোঝা যায় মাঘ মাসে শীতের তীব্রতা কেমন। মাঘ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছে উপকূলীয় জেলা পিরোজপুরের মানুষ।
মাঘ মাস শুরু হতে না হতেই হাড় কাঁপানো শীতে মানুষের বেহাল অবস্থা। সেই সাথে গত কয়েকদিন ধরে চলছে মৃদু শৈতপ্রবাহ। এরইমধ্যে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পড়েছে বৃষ্টি। আর সবকিছু মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন।
হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে মানুষজন অপ্রস্তুত হয়ে পড়েছে। কাজের তাগিতে যারা বাইরে বের হয়েছেন, তারা শীত আর বৃষ্টির ফোঁটায় কাবু হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এছাড়া ঘন কুয়াশা আকাশ মেঘলা থাকায় দিনে মেলেনি সূর্যের দেখা।
জেলা শহরের রিকশা চালক সোহরাব মিয়া বলেন, একদিকে হার কাপানো শীত অন্যদিকে সকাল থেকে বৃষ্টি। রাস্তাঘাটে লোকজন কম,
তাই আয় রোজগারও কম, আবার শীতেও কাবু হচ্ছি।
হোটেল ব্যবসায়ী মজিবার বলেন তীব্র শীত বৃষ্টির কারণে ঘর থেকে মানুষ জরুরী কাজ ছাড়া বের হচ্ছে না তাই কেনাবেচা খুবই কম ।
এদিকে তীব্র শীতের সঙ্গে বৃষ্টির কারণে ক্ষেতের পাকা আমন কাঁটা নিয়ে নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামের কৃষক আ: শহিদ সেখ জানান, মাঠে এখন পাকা আমন ধান। অসময়ে বৃষ্টির কারণে ধানে গজ এসে যেতে পারে এবং বৃষ্টির কারণে ধান ছড়া থেকে পড়ে গিয়ে জমির সাথে মিশে যাওয়ার আশংকা রয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হবে।