রাজবাড়ী গঙ্গাপ্রসাদপুর এলাকা থেকে মাদক ও জাল টাকাসহ মোসাঃ ভানু বেগম (৬৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ। সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাতে রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর এলাকা আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোসাঃ ভানু বেগম গঙ্গাপ্রসাদপুর এলাকার মৃত ঈমান আলী শেখের স্ত্রী।তিনি তার ছেলে মামুনের মাদক ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ সূত্রে জানা যায় (২৮ আগস্ট) সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকার গঙ্গাপ্রসাদপুর গ্রামে আসামীর ওয়ালসেড টিনের ঘরে তল্লাশি চালায় এসময় ঘরের ভীতর থেকে ১ কেজি গাঁজা, মাদক বিক্রির ২ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা ও ৭০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) মোঃ হুমায়ুন রেজা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি আসামির বাড়িতে। আসামির ছেলে মামুনের ঘর তল্লাশি করতে চাইলে তারা বাধা দেয়। পরে ওই ঘর থেকে মাদক, ও মাদক বিক্রির নগদ অর্থ ও জাল টাকা উদ্ধার করি। মূলত ওই নারী তার ছেলে মামুনের মাদক ব্যবসার সাথে জড়িত।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আসামি ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।