রাজবাড়ীর বালিয়াকান্দির নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ‘অপহরণের’ এক মাস পর উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ । এ ঘটনায় পুলিশ ‘অপহরণকারী’ দিপ্ত সরকারকে (২২) গ্রেপ্তার করেছে। দিপ্ত সরকার বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর গ্রামের হিরণ্য সরকারের ছেলে।
রোববার(২৩-৭-২০২৩) ইং তারিখে সকালে উপজেলার সমাধিনগর এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করাসহ ‘অপহরণকারীকে’ গ্রেপ্তার করে পুলিশ।
মামলার নথি ও বাদী পক্ষ থেকে জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে বকচর গ্রামের হিরণ্য সরকারের ছেলে দিপ্ত সরকার কুপ্রস্তাব দেওয়াসহ উত্যক্ত করত। ওই ছাত্রী তার পিতা-মাতাকে ঘটনাটি জানালে এ বিষয়টি দিপ্ত সরকারের বাবা হিরণ্য সরকারকে অবগত করা হয়।
এ সময় তিনি তার ছেলের নামে মিথ্যা অপবাদ দিলে ফল ভালো হবে না বলে হুমকি দেন। গত ২২ জুন ভোর সাড়ে ৬টার সময় বকচর মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং করার জন্য ওই ছাত্রী রওনা হয়। বকচর গ্রামের মাদ্রাসার আগে ফাঁকা জায়গায় পৌঁছালে বকচর গ্রামের হিরণ্য সরকারের ছেলে দিপ্ত সরকার, স্বপন সরকারের ছেলে শিমুল সরকার, হিরণ্য সরকারের ছেলে গৌরাঙ্গ সরকার, হরিপদ সরকারের ছেলে হিরণ্য সরকার মিলে একটা কালো গ্লাসের সাদা মাইক্রোতে ওই ছাত্রীকে অপহরণ করেন।বিষয়টি হিরণ্য সরকারকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।পরে বিষয়টি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিলে থানা কর্তৃপক্ষ বলেন,‘আসামিদের এনে দাও ধরে কেস রেকর্ড করব।’পরে উপায়ন্ত না পেয়ে গত ২৬ জুন রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন ওই ছাত্রীর পিতা। বিচারক মামলাটি বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর করার নির্দেশ দেন। এ মামলাটি গত ৯ জুলাই বালিয়াকান্দি থানায় এফআইআর হয়। গত সোমবার সন্ধ্যায় পুলিশ বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর গ্রামের স্বপন সরকারের ছেলে শিমুল সরকারকে (২২) গ্রেপ্তার করে। বর্তমান রাজবাড়ী কারাগারে রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান বলেন, রোববার সকালে সমাধিনগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করাসহ প্রধান আসামি দিপ্ত সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ রোববার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। ওই ছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।