ইয়াওমে আরাফা : গুরুত্ব ও ফযীলত

জাগো কণ্ঠ ডেস্ক

৭ জুলাই, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

ইয়াওমে আরাফা : গুরুত্ব ও ফযীলত

যিলহজ্ব মাসের গুরুত্বপূর্ণ একটি দিবস হল নয় তারিখ। হাদীসের ভাষ্য অনুযায়ী- ‘ইয়াওমু আরাফা’। এ দিনটি হজ্বের মূল দিন। আরাফার ময়দানে হাজ্বী সাহেবানের উকূফ-অবস্থান এ দিনেই হয়ে থাকে। আল্লাহ তাআলা এ দিনকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন। দ্বীন-ইসলামকে পূর্ণতার ঘোষণা দিয়েছেন এ দিনেই। এ দিনেই নাযিল হয়েছে কুরআনে কারীমের সর্বশেষ আয়াত-

اَلْیَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِیْنَكُمْ وَ اَتْمَمْتُ عَلَیْكُمْ نِعْمَتِیْ وَ رَضِیْتُ لَكُمُ الْاِسْلَامَ دِیْنًا .

আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিআমত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করলাম। -সূরা মায়েদা (৫) : ৩

এ দিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবলবেগে উৎসারিত হয়। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এ দিনে। উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللهُ فِيهِ عَبْدًا مِنَ النّارِ، مِنْ يَوْمِ عَرَفَةَ، وَإِنّهُ لَيَدْنُو، ثُمّ يُبَاهِي بِهِمِ الْمَلَائِكَةَ، فَيَقُولُ: مَا أَرَادَ هَؤُلَاءِ؟

আরাফার দিনের মত আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফিরিশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ বলেন, কী চায় তারা? -সহীহ মুসলিম, হাদীস ১৩৪৮

এ দিনের একটি রোযায় বান্দার দুই বছরের গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

صِيَامُ يَوْمِ عَرَفَةَ، أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السّنَةَ الّتِي قَبْلَهُ، وَالسّنَةَ الّتِي بَعْدَهُ.

আরাফার দিনের (নয় যিলহজ্বের) রোযার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে, তিনি আগের এক বছরের এবং পরের এক বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। -সহীহ মুসলিম, হাদীস ১১৬২

প্রকাশ থাকে যে, হাদীসে বর্ণিত ইয়াওমে আরাফা দ্বারা যিলহজ্বের নয় তারিখ উদ্দেশ্য। অতএব যে এলাকা যখন যিলহজ্বের নয় তারিখে উপনীত হবে সে এলাকায় তখন এ বিধান প্রযোজ্য হবে।

হাদীস শরীফে আরাফার দিনের দুআকে শ্রেষ্ঠ দুআ বলা হয়েছে। নবীজী বলেন-

خَيْرُ الدّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنّبِيّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.

শ্রেষ্ঠ দুআ (-যিকির) আরাফার দুআ। দুআ-যিকির হিসেবে সর্বোত্তম হল ঐ দুআ, যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ করেছেন। তা হল-

لَا إِلَهَ إِلّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

-জামে তিরমিযী, হাদীস ৩৫৮৫; শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস ৩৭৭৮

অতএব আমরা এ দুআটির প্রতিও বিশেষ ইহতিমাম করতে পারি।


সূত্র: মাসিক আল কাওসার, বর্ষ: ১৬,   সংখ্যা: ০৭।




সাতদিনের সেরা খবর

ধর্ম - এর আরো খবর

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

৭ জুলাই, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

৭ জুলাই, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

৭ জুলাই, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন