অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় রোববার শ্রীলঙ্কাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে যাওয়া নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। বেশ আক্রমণাত্মকভাবে খেলেই এই জয় পেয়েছে তারা।
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল ১ পয়েন্ট। তবে ড্র নয়, পুরো তিন পয়েন্ট নিয়েই ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। আগামী ২২ ডিসেম্বর শিরোপার জন্য ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার (১৯ ডিসেম্বর) রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপার হ্যাটট্রিকের সুবাদে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের এই পারফরম্যান্সে বেশ খুশি কোচ গোলাম রব্বানী ছোটন।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচে ভারত ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। নেপাল ৭, ভুটান ৩ ও শ্রীলঙ্কা কোনও পয়েন্ট না পেয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।