স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন আবাহনী

খেলাধুলা ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:০২ পূর্বাহ্ন

স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন আবাহনী
চ্যাম্পিয়ন আবাহনী দল

বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। এর আগে একই স্টেডিয়ামে ২০১০ মৌসুমে নতুন শক্তি হয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলতে আসা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৫-৩ গোলে হারিয়ে ১০ বছর পর ফেডারেশন কাপ জিতেছিল আকাশি-হলুদরা। এবার সেখানেই গতকাল শনিবার আরেক নবশক্তিকে হারালো তারা।

 এ শিরোপাটা তো আরও বেশি আক্ষেপ ঘোচানোর, ৩২ বছরের! ১৯৮৯ সালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। পরের তিন দশকেরও বেশি সময়ে হয়েছে, আটটি আসর; আবাহনী ফাইনাল খেলেছে মাত্র দুইবার।

তৃতীয়বার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন! আগের চার ম্যাচে গোল না পাওয়া রাকিব হোসেন মহাগুরুত্বপূর্ণ ফাইনালে এসেই কাজের কাজটি করলেন। কিংসের জালে গোল উৎসব করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তোও। দারুণ জয়ে তিন দশক পর স্বাধীনতা কাপের মুকুট ফিরে পেল মারিও লেমোসের আবাহনী। ২০১৬ সালে সবশেষ ঘরোয়া কোনো প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল আবাহনী, সেবার চট্টগ্রাম আবাহনীর কাছে ২-০ গোলে হেরেছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৮ সালে ফেডারেশন কাপ জয়ের পর এ প্রথম শিরোপার স্বাদ পেল আকাশি-নীল জার্সিধারীরা।

ঐতিহ্যবাহী আবাহনী, আর ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তি হয়ে ওঠা কিংসের দ্বৈরথে গ্যালারি ছিল দর্শকে ঠাসা। হাজার দশেক সমর্থক শুরু থেকে শেষ পর্যন্ত উৎসাহ জুগিয়ে গেছেন।

চোটের কারণে ব্রাজিলিয়ান জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস, তপু বর্মণ ও কাজী তারিক রায়হানকে ফাইনালে পায়নি কিংস। প্রথমার্ধে আবাহনীর চেয়ে আক্রমণেও কিছুটা পিছিয়ে ছিল তারা। ওদিকে আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন আনেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস। নাবীব নেওয়াজ জীবনের বদলে আক্রমণভাগে খেলান ব্রাজিলিয়ান দোরিয়েলতনকে।

কিংস ছেড়ে এক মৌসুম পর আবাহনীতে ফেরা দেনিয়েল কলিনদ্রেস সোলেরার হাত ধরে প্রথম আক্রমণে ওঠে আবাহনী। কিন্তু দশম মিনিটে কোস্টা রিকার এ ফরোয়ার্ডের দুর্বল হেড জমে যায় আনিসুর রহমান জিকোর গ্লাভসে। পরের মিনিটেই কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়োর ভলি ক্রসবারের ওপর দিয়ে যায়। ১৮ মিনিটে কলিনদ্রেসের ফ্রি কিক অনেকটা লাফিয়ে গ্লাভসের ছোঁয়ায় কর্নারের বিনিময়ে ফেরান জিকো। দুই মিনিট পর ডান দিক থেকে রাকিব হোসেনের ক্রসে বল আতিকুর রহমান ফাহাদের পায়ে লেগে পেয়ে যান কলিনদ্রেস; কিন্তু ৩৬ বছর বয়সি এ ফরোয়ার্ড তালগোল পাকিয়ে শেষ পর্যন্ত শটই নিতে পারেননি। ২২ মিনিটে ইস্তয়ান ভ্রানিয়াসের দূরপাল্লার শট ফিস্ট করে ফেরান আবাহনীর গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম। একটু পর বসনিয়া-হার্জেগোভিনার ফরোয়ার্ডের ফ্রি কিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ৩৬ মিনিটে কিংসের এগিয়ে যাওয়ার আরেকটি ভালো সুযোগ নষ্ট হয়। মাঝমাঠের একটু ওপর থেকে রবিনিয়ো হঠাৎ লম্বা পাস বাড়ান বক্সে। কিছুটা অপ্রস্তুত থাকা ভ্রানিয়াস পা ছোঁয়ালেও বলের নিয়ন্ত্রণ ঠিকঠাক নিতে পারেননি। প্রথমার্ধের শেষ দিকে রাফায়েলের ক্রসে দোরিয়েলতনের হেড ড্রপ খেয়ে গতি হারিয়ে জিকোর কাছে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় আবাহনী। রাফায়েলের দারুণ থ্রু পাস ধরে গায়ের সঙ্গে সেঁটে থাকা ইয়াসিন আরাফাতকে গতিতে পরাস্ত করে আগুয়ান জিকোর পাশ দিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন রাকিব। উল্লাসে ফেটে পড়ে আবাহনীর ডাগআউট, গ্যালারিতে আসা আকাশি-নীল সমর্থকরাও। চলতি আসরে এ প্রথম গোল পেলেন রাকিব। ৬১ মিনিটে রিমন হোসেন বক্সে কলিনদ্রেসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়ে রেফারিকে ঘিরে ধরেন কিংসের খেলোয়াড়রা। এ নিয়ে কিছুটা উত্তেজনা দেখায় বটে; কিন্তু সিদ্ধান্ত বদলায়নি। দোরিয়েলতন স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন। পাঁচ মিনিট পর শুরুতে ইমন বাবুর শট, এরপর রাকিবের ফিরতি হেড আটকে ব্যবধান বাড়তে দেননি জিকো। ৭২ মিনিটে ছোট ডি-বক্সের একটু ওপর থেকে দারুণ শটে আবাহনীর জয় অনেকটাই নিশ্চিত করে দেন দোরিয়েলতন।

২০১৮ সালে নবশক্তি কিংসকে হারিয়েই ফেডারেশন কাপ জিতেছিল আবাহনী। এর পরের সময়টাতে তারা শুধু কিংসের সাফল্যই দেখেছে। স্বাধীনতা কাপে এসে এবার পাশার দান উল্টাল লেমোসের দল। আপেক্ষা ফুরাল লেমোসেরও। ২০১৮ সালে আবাহনীর দায়িত্ব নেওয়ার পর এ প্রথম শিরোপা উঁচিয়ে ধরতে পারলেন ৩৫ বছর বয়সি এ পর্তুগিজ কোচ।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:০২ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:০২ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:০২ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:০২ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:০২ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:০২ পূর্বাহ্ন