যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বর্তমান সরকার গত ১৩ বছরে শিক্ষা খাতে যে অবদান রেখেছে অতীতে সব সরকার মিলেও তা করতে পারেনি। সরকার শিক্ষকদের সব সমস্যার পর্যায়ক্রমে সমাধান করবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার এমপি'র ১৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার (১৫ মে) স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর মহানগর শাখা আয়োজিত স্মরণ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বাশিপ গাজীপুর মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ সহসভাপতি প্রফেসর সাজিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান পান্না, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অধ্যক্ষ আশরাফুল আলম, অধ্যক্ষ এ কে এম মোকসেদুর রহমান, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহি, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যক্ষ মুনিরুজ্জামান, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক জিন্নত আলী মাস্টার, প্রধান শিক্ষক জিয়ারুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল বলেন, একটি মহল বিভিন্ন ইস্যুতে দেশে অস্হিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে এর বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহবান জানান। বিশেষ করে তিনি দেশের শিক্ষক সমাজকে এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।
প্রধান আলোচক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন, আহসান উল্লাহ মাস্টার একজন ন্যায় পরায়ণ আদর্শ শিক্ষক এবং দেশের বরেন্য একজন রাজনৈতিক নেতা ছিলেন । তিনি আমৃত্যু দেশের কল্যাণে কাজ করে গেছেন। তিনি সবসময় নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতেই পছন্দ করতেন। অথচ বিএনপি জামাত জোট সরকারের সন্ত্রাসীরা সেদিন প্রকাশ্য দিবালোকে জনপ্রিয় শিক্ষক এবং জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছিল। তিনি অবিলম্বে আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় কার্যকর করার জোর দাবি জানান।