এশিয়ান গেমসে হকিতে মূল পর্বে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

১১ মে, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন

এশিয়ান গেমসে হকিতে মূল পর্বে বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান গেমস বাছাই হকিতে টানা দুই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে শ্রীলংকাকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার পাশাপাশি এশিয়ান গেমস হকির টিকিটও নিশ্চিত করে ফেলেছে লাল-সবুজ জার্সিধারী তরুণরা।

 

বাংলাদেশের হয়ে ১টি করে গোল করেছেন আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান ও রোমান সরকার। অন্যদিকে শ্রীলংকার হয়ে একমাত্র গোলটি করেন ভিপুল ওয়ার্নাকুলা।

 

প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা পায় বাংলাদেশ। অন্যদিকে শ্রীলংকা প্রথম ম্যাচে ৫-২ গোলে হারায় সিঙ্গাপুরকে। এবার বাংলাদেশের সঙ্গে পেরে উঠল না সিংহলিজরা। টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ, যারা বৃহস্পতিবার সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।

 

চীনের হাংঝৌতে এ বছরের এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে। তবে এশিয়ান হকি ফেডারেশন বাছাই পর্ব সম্পন্ন করতে চাইছে। জাকার্তায় গত মাসে এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ায় এশিয়ান গেমসে স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের টিকিট পাওয়ার কথা ছিল। যদিও এশিয়ান হকি ফেডারেশন পরে নিয়ম পাল্টানোয় বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হচ্ছে।

 

এশিয়ান গেমস বাছাই পর্ব শেষে আবার জাকার্তায় যাবে বাংলাদেশ। সেখানে ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত এশিয়া কাপ হকিতে প্রতিদ্বন্দ্বিতা করবে রেজাউল করিমের নেতৃত্বাধীন দল।

 

সূত্রমতে, আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ৮ ম্যাচে জিতল বাংলাদেশ। আর শ্রীলংকর বিপক্ষে বাংলাদেশের রেকর্ড আরো সংহত হলো। এ নিয়ে সর্বশেষ ৮ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতল বাংলাদেশ। ২০১৪ সালে এশিয়ান গেমস বাছাই হকিতে ২-২ গোলে ড্র করতে সমর্থ হয়েছিল দ্বীপদেশটি।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর