এশিয়ান গেমস স্থগিত

খেলাধুলা ডেস্ক

৭ মে, ২০২২ ১০:২০ পূর্বাহ্ন

এশিয়ান গেমস স্থগিত

করোনা মহামারির কারণে এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমস স্থগিত করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হাংঝৌ শহরে এ ক্রীড়াযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার ওসিএ বিবৃতিতে জানায়, হাংঝৌ এশিয়ান গেমস আয়োজক কমিটি সব প্রস্তুতি নিয়ে রেখেছিল, যদিও বর্তমান কভিড-১৯ পরিস্থিতি এবং গেমসের পরিসর বিবেচনা করে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করে এটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার তাসখন্দে ওসিএ নির্বাহী বোর্ডের সভায় গেমস স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিযোগিতার জন্য নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সূত্রমতে, আসরটিতে ৪৪টি দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিটের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু দেশটির অর্থনৈতিক কেন্দ্র সাংহাই এক মাস ধরে কভিডের সংক্রমণের কারণে অবরুদ্ধ। মার্চ থেকে সেখানে সংক্রমণ বাড়ছে। এছাড়া বেইজিংয়েও চলাফেরা সীমিত করা হতে পারে। সাংহাই থেকে ১৭৫ কিলোমিটার দূরে অবস্থিত হাংঝৌ। এমন অবস্থায় এ শহরটিতে গেমস আয়োজন কঠিনই।

উল্লেখ্য, ২০১৮ সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও পালেমবাং শহরে অনুষ্ঠিত হয় এশিয়াডের ১৮তম আসর। চার বছর পরপর অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে বড় এ ক্রীড়া আসর।

এদিকে চীনের শ্যানতু শহরে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান যুব গেমস, সেটিও বাতিল করা হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর