ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেটের শীর্ষ এই লিগের চ্যাম্পিয়ন হলো ইমরুল কায়েসের দল। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২২৯ রান তোলে আবাহনী। জবাবে ৪৭ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তুলে জয় নিশ্চিত করে শেখ জামাল।
টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর তৌহিদ হূদয় (৫৩), জাকের আলী (৪৭) ও মোহাম্মদ সাইফউদ্দিনের (৪৪) ব্যাটে ২২৯ রান তুলতে সমর্থ হয় আবাহনী। জিয়াউর রহমান ৩৬ রানে দুটি উইকেট নেন। জবাবে ৭৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল। সেখান থেকে অনবদ্য এক লড়াইয়ে দলকে জেতান নুরুল হাসান সোহান। ষষ্ঠ উইকেটে পারভেজ রসুলকে (৩৩) নিয়ে ৭২ ও সপ্তম উইকেটে জিয়াউর রহমানকে (৩৯*) নিয়ে ৭২ রান যোগ করে শেখ জামালের জয় নিশ্চিত করেন তিনি। সোহান ৮১ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন।
এই জয়ে পর ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল শেখ জামাল। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে বাকি এক ম্যাচে শেখ জামালকে ধরা আর সম্ভব নয়। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
৭৩, ১৩২*, ৭১ ও ৮১*—সর্বশেষ চার ইনিংসে নুরুলের ব্যাট থেকে এসেছে চারটি দুর্দান্ত নক। মঙ্গলবার দলকে জেতানো ইনিংস খেলার পর এই উইকেটকিপার ব্যাটার বলেন, এখন আমার লক্ষ্য দেশের হয়ে ভালো খেলা।
ক্লাবের সাফল্য নিয়ে তিনি বলেন, এই ক্লাবে আমি ৪/৫ বছর ধরে খেলছি, ক্লাবের প্রতি একটা ভালোবাসা জন্ম নিয়েছে। এই ক্লাবের পরিবেশটা চমত্কার। সবাই মিলে এমন একটা পরিবেশ গড়ে তোলা হয়েছে, যেটি শিরোপা জিততে সাহায্য করেছে।
এদিকে লিজেন্ডস অব রূপগঞ্জ প্রাণান্ত চেষ্টা করছিল, যদিও শেখ জামাল জিতে যাওয়ায় তাদের সব চেষ্টাই বিফল হলো। আজ বিকেএসপির তিন নম্বর মাঠে তারা ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। আগে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ ৯ উইকেটে ২৯৩ রানের সৌধ গড়ে। সাব্বির রহমান ৮৩ বলে ৯০ ও সাকিব আল হাসান ২৬ বলে ৫৯ রান করেন। জবাব দিতে নেমে ২৯.২ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। মিডিয়াম পেসার চিরাগ জনি ১৫ রানে পাঁচটি ও নাঈম ইসলাম ৪ রানে দুটি উইকেট নেন।
বিকেএসপিতে দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে রূপগঞ্জ। জবাবে ২৬.৪ ওভার কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক (১৩৪/০)। বিজয় ৮৪ বলে ১১২ ও তামিম ৮১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন।
লিস্ট-এ মর্যাদা পাওয়ার পর প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ডিপিএলে এক হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন এনামুল হক বিজয়। এই ম্যাচে নামার আগে ১৩ ম্যাচে ৯৩০ রান ছিল বিজয়ের নামের পাশে। আজ রূপগঞ্জের বাঁহাতি পেসার নাহিদের অফস্ট্যাম্পের বাইরের বল পয়েন্টের দিকে খেলে নিয়ে নিলেন এক রান, পৌঁছে গেলেন ৬৯ বল থেকে ৭০ রানে। এই সিঙ্গেল নেয়ার সময় মাঝ পিচে থাকতেই দুই হাত ছড়িয়ে উদযাপন করলেন বিজয়। এটা হাজার রানে পৌঁছানোর উদযাপন।
চলতি মৌসুমে এখন পর্যন্ত তার নামের পাশে ১ হাজার ৪২ রান। করেছেন তিন সেঞ্চুরি ও আট হাফসেঞ্চুরি। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ৮১৪ রান করেছিলেন সাইফ হাসান। এবার সেই রেকর্ডটা ভাঙার পর এবার হাজার রানের মাইলফলকেও উঠলেন তিনি।