আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তাদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ। আর আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন শরফোদুল্লাহ ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও তানভির আহমেদ। এই চারজনও বাংলাদেশি।
এর মধ্যে প্রথম ম্যাচে সৈকতের পাশাপাশি অনফিল্ড আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান এবং টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গাজী সোহেল। দ্বিতীয় ম্যাচে অনফিল্ড আম্পায়ার তানভির আহমেদ ও গাজী সোহেল এবং টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান ও সৈকত। শেষ ম্যাচে অনফিল্ডে থাকবেন তানভির ও মাসুদুর রহমান।
সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।