বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলনের। একইসঙ্গে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়ারও ঘোষণা দিয়েছে দলটি। সোমবার (১২ জুন) বরিশালের চাদমারিতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় বরিশাল সিটিতে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমও উপস্থিত ছিলেন।
মুফতি রেজাউল করিম বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে খুলনা ও বরিশালের সিটি নির্বাচনে নজিরবিহীন ভোট জালিয়াতি করেছে। এ দুই সিটি নির্বাচনে সরকার জনগণের রায় ছিনিয়ে নিয়েছে। আমরা নির্বাচন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে প্রতারিত হয়েছি। সরকার আমাদের দেওয়া কথা রাখেনি।’
ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করে চরমোনাই পীর বলেন, ‘আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’
এর আগে এক ব্রিফিংয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘আমরা রাজপথে নেমেছি, আমার রক্ত ঝরেছে। এ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরব না। আমাদের তীব্র আন্দোলনেই এই জালেম সরকার ও জালেম বাহিনীর পতন ঘটবে।’