পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নে বেসরকারি এনজিও সংস্থা রিসার্চ এন্ট্রিগ্রেশন সেন্টার (রিক) এর ঋন কর্মকর্তাকে স্থানীয় নির্মল ঘরামী নামে এক দুর্বৃত্ত এর বাংলা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন। আজ রোববার বেলা ১২ টার সময় উপজেলার দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা গ্রামের স্বপন বড়ালের ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘার স্বপন বড়ালের ঘরে বসে বে-সরকারী এনজিও সংস্থা (রিক) গ্রাহকদের কাছ থেকে সাপ্তাহিক ঋন আদায়ের সময় রিকের ঋন কর্মকর্তা মনজুরুল ইসলামকে (২৮) পিছন থেকে দৌড়ে এসে বাংলা দা দিয়ে এলোপাতারি কোপাতে থাকে ওই এলাকার মাদকসেবী নির্মল ঘরামী (৪২)।
এসময় নিজের জীবন বাঁচাতে এনজিও কর্মী ডাক চীৎকার দিলে ঝিন্টু লাল রায় নামে একজন শিক্ষক তাকে উদ্ধার করে, স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
অপরদিকে এলাকাবাসী মাদকসেবী নির্মল ঘরামীকে ধরে পুলিশে দেয়।এর আগেও মাদকসেবী নির্মল ঘরামী স্থানীয় রতন ঘরামীর উপর হামলা করেছিল। দুর্বৃত্ত নির্মল ঘরামী উপজেলার দঃ দীর্ঘা গ্রামের কর্নধর ঘরামীর ছেলে এবং আহত মনজুরুল ইসলাম নাজিরপুরের এনজিও (রিক) এর ঋনকর্মকর্তা ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিল বিলাস গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডাঃ দিপান্নিতা দেবনাথ জানান,গুরতর আহত অবস্থায় মনজুরুল ইসলাম নামে একজনকে হাসপাতালে নিয়ে আসলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেই।তার হাত-পা,মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন যায়গায় কোপের চিন্হ রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল বিধায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
নাজিরপুর থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ মোশারফ হোসেন জানান,খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পৌঁছাই। ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করি এবং অভিযুক্তকে আটক করতে সক্ষম হই।অভিযোগ পেলে পরবর্তীতে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।