পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মায়ের সঙ্গে শিশু পার্কে ঘুরতে গিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায় এক শিশু। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল)২০২৩ সকালে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্যাপারি বাড়ির পাশে খালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিন্থিয়া আক্তার (৪) জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের কাউসার খান ও হাফসা দম্পতির মেয়ে।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ পলাশ বলেন, 'খবর পেয়ে সকালে আমরা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্যাপারি বাড়ির পাশে খালের চর থেকে সিন্থিয়ার মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ভাণ্ডারিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'
এর আগে গত বুধবার রাতে শিশুটি সেতু থেকে পোনা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, 'ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। শিশুটির পরিবারকে খবর দিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'