যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন (৪২) নামে এক চাকুরিজীবি নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)।
রোববার (২৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বিশ্বাস বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত ইকবাল কাশেম গ্রæপ অফ ইন্ডাষ্ট্রিজে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন ইকবাল হোসেন। ছুটি সীমিত হওয়ায় কর্মস্থলে যাওয়ার জন্য বড় ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে নাভারন বাস কাউন্টারে যাচ্ছিলেন টিকিটের জন্য। এসময় গোড়পাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবাহী সিএনজি মুখোমুখি হয়। এ সময় দুই ভাই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা (নাভারন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে নিয়ে আসার সময় প্রতিমধ্যে ইকবাল হোসেন নামে এক জনের মৃত্যু হয়। মনিরুজ্জামান নামে অপর একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।