ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ধর্মীয় সম্প্রীতি সুরক্ষার বিষয়ে ইসলামের সঠিক বাণী মানুষের কাছে তুলে ধরতে হবে। কেউ যেন ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে এ বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
প্রতিমন্ত্রী আজ রোববার বিকেল ৩ টায় ইসলামিক ফাউণ্ডেশন সম্মেলন কক্ষ, আগারগাঁও, ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ‘জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও ‘চেতনায় বঙ্গবন্ধু’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এ আহবান জানান ।
ধর্ম প্রতিমন্ত্রী পবিত্র কুরআন ও হাদিস হতে সম্প্রীতি রক্ষার বিষয়ে উদ্বৃতি তুলে ধরে বলেন, ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি দয়া, মহানুভবতা প্রদর্শন করতে ইসলামের বিশেষ নির্দেশ রয়েছে ।
প্রতিমন্ত্রী বলেন, মদিনা সনদের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) শিক্ষা দিয়েছেন কীভাবে অন্য সম্প্রদায়ের মানুষকে নিয়ে সমাজ ও রাস্ট্র পরিচালনা করতে হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাস্ট্র প্রতিষ্ঠা করে এদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি সংযোজন করে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ধর্ম নিরপেক্ষতার অর্থ ছিল ধর্ম যার যার, রাস্ট্র সবার। রাস্ট্রে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্ম
পালন করবে যা মদিনা সনদেরই প্রতিফলন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণকে ইসলামের সঠিক বাণী ও শিক্ষা প্রচারে আরও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।
ইসলামিক ফাউণ্ডেশনর মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও ববক্তৃতা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আব্দুল আওয়াল হাওলাদার, মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহাম্মেদ প্রমুখ। ইসলামিক ফাউণ্ডেশনের পরিচালক (সমন্বয়) মোহাম্মদ মহীউদ্দীন মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ইসলামিক ফাউণ্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালকবৃন্দ, জেলার কার্যালয়ের উপপরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে 'চেতনায় বঙ্গবন্ধু' শিরোণামে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।