যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৪ হাজার ৫৬০ পিস ইয়াবার চালান আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি‘র ধাওয়া খেয়ে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায় পাচারকারী।
বুধবার (২২ মার্চ) বিকেলে রুদ্রপুর গ্রামের পাকা রাস্তার একটি ব্রীজের পাশে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করা হয়।
বিজিবি জানায়, ইয়াবা পাচারের একটি গোপন খবর পেয়ে শার্শার রুদ্রপুর বিওপি’র একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ২২ আর পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রপুর গ্রামের দবি মালি ব্রিজের পাশে অবস্থান নেয়। কিছু সময় পর টহল দল এক জন ব্যক্তিকে পায়ে হেটে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে।
উক্ত ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছু ধাওয়া করলে তার সাথে থাকা একটি কাপড়ের শপিং ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি‘র টহল দল ওই শপিং ব্যাগটি তল্লাশি করে ৪ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান। তিনি বলেন, উদ্ধারকৃত (মাদক) ইয়াবার চালানটি ধ্বংস করার জন্য খুলনা বিজিবি ব্যাটালিয়নে জমা করা হয়েছে।