যশোরের ঝিকরগাছায় খালার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিথিলা (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ মার্চ) বিকেলের দিকে উপজেলার বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিথিলা উপজেলার নন্দীডুমুর গ্রামের আক্তারুল কবিরের মেয়ে।
মিথিলা শনিবার তার দাদীর সাথে ঝিকরগাছার বড়পোদাউলিয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায়।
সাবেক ইউপি সদস্য জাহান আলী জানান, মিথিলা বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায় তারা। পরে মিথিলাকে উদ্ধার করে বাগআঁচড়া জোহরা ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজনের ধারণা, সবার অগোচরে খেলার এক পর্যায়ে ওই পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় মিথিলা।
এদিকে মিথিলার মৃক্যুতে তার বাড়ি নন্দীডুমুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।