পিরোজপুরের কাউখালীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, প্রতিমা চুরি ও মন্দিরের থাকা টাকা চুরির ঘটনায় পুলিশ অনিল হালদার (৪৫) নামে একজনকে আটক করেছে। তিনি কাউখালী উপজেলার চিরাপাড়াপাড় সাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের ধীরেন হালদারের ছেলে। রোববার (৫ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার (৪ মার্চ) ২০২৩ রাতের কোনো এক সময় উপজেলার সদর ইউনিয়নের মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরে প্রতিমা ভাঙচুর, চারটি পিতলের মন্দির ও মন্দিরের দান বাক্সে থাকা টাকা চুরি করে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি শংকর বসু মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, রোববার সকালে স্থানীয়রা ওই মন্দিরে থাকা রাঁধার প্রতিমার মাথা ভাঙা ও চারটি পিতলের প্রতিমা দেখতে না পেয়ে তাকে জানান।
তিনি বিষয়টি থানা পুলিশকে জানান। পরে পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে অভিযান চালিয়ে অনিল নামের একজনকে আটক করে।
এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার বলেন, ঘটনাটি আমার নিজ এলাকায়। তবে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় অনিল হালদার নামে যাকে আটক করা হয়েছে তিনি মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতকে মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে। তবে মন্দির কমিটিসহ স্থানীয়রা এ বিষয়ে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। তারপর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।