আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনলে এ দেশে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পায়রা সমুদ্রবন্দরের মতো উন্নয়ন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম (এমপি)।
বৃহস্পতিবার (২ মার্চ)২০২৩ সকালে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল রজ্জব আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, একটা সময় এ দেশের নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হতো। রাষ্ট্র বা সমাজের কোনো কাজে তাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়া হতো না।
শেখ হাসিনা সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নারীদের বসিয়েছেন। সরকারি চাকরিতে ও সমাজে নানা ধরেনের কাজে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেয়েদের শিক্ষা ও খেলাধুলার উন্নয়নকল্পে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করে চলছেন। এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, স্বরূপকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সামসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ দাস প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউএনও মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী, ওসি জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফুয়াদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ অভিভাবক ও আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।