সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মানুষের প্রতি, একটি দেশের প্রতি, একটি রাষ্ট্রের প্রতি, একটি অর্জনের প্রতি, জাতির পিতা যে রক্ত দিয়ে ঋণ শোধ করেছেন সেই জাতির প্রতি, আপনার যে আবেদন-অবদান সেটা নিঃসন্দেহে অবিস্মরণীয়। আপনি দায়িত্ব নিয়ে জাতিকে এ পর্যায়ে এনেছেন। শ্রদ্ধা রেখে জাতিকে আপনি গড়ে তুলেছেন। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
প্রতিমন্ত্রী আরো বলেন, পথ হারাবে না বলে পদ্মা সেতু তৈরি হয়, পথ হারাবে না বলে আমাদের মেট্রোরেল তৈরি হয়েছে, পথ হারাবে না বলে জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ছোঁয়ার দ্বারপ্রান্তে আপনি পৌঁছে গেছেন। আমরা আছি আপনার সাথে এই অঙ্গীকার ব্যক্ত করি।
প্রতিমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আর.কে.সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ, মুক্তাগাছা থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ এবং গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, আজকের এই সমাবেশ মুক্তাগাছা গড়ার জন্য, আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য, মাদক মুক্ত করার জন্য, মাদক ব্যবসায়ীদের ধরে আইনের আওতায় সুপর্দ করতে, চাঁদাবাজদের ধরে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিতে সহায়তা করবে। স্বপ্নে দেখা একটি সুশৃংঙ্খল মুক্তাগাছা গড়ে তোলার জন্য এই আয়োজন।
ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইঞ্জি. মো.শাহিনুল ইসলাম ফকির।
আলোচনা অনুষ্ঠান শেষে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী।