পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অনুষ্ঠিত হলো শতবর্ষের চিতই পিঠা উৎসব। উপজেলার সদর ইউনিয়নে কুমারখালী বাজার সংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়ির কালীমন্দিরে এ চিতাই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এ উৎসব শুরু হয়েছিল গতকাল শনিবার (২১ জানুয়ারি) শনিবার সন্ধ্যায়। রোববার (২২ জানুয়ারি) সকাল ১০টায় শেষ হয় এ পিঠা উৎসব। প্রচণ্ড শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো নারী পুরুষ এ উৎসবে অংশ নেন।
সরেজমিন দেখা যায়, কালীমন্দিরের মাঠে সারিবদ্ধভাবে ১০৮ টি মাটির চুলা তৈরি করা হয়েছে। আর চুলার উপর এবং পাশে রাখা আছে চিতই পিঠা তৈরির সরঞ্জাম । দেশের বিভিন্ন স্থান থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারীরা এ পিঠা তৈরিতে অংশ নেন। এছাড়াও ওই বাড়ির উঠানে থাকা একটি পুরনো বট গাছের নীচে বসে ১০টি চুলায় পিঠা তৈরি করছেন কালীমন্দিরের দশ পূজারি। উৎসবে তৈরি পিঠা দিয়ে বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের আপ্যায়ন করা হয়ে।
কালীমন্দিরে পুরোহিত দেবলাল চক্রবর্তী জানান, প্রায় শত বছর আগে তাদের পূর্ব পুরুষ হরিষত আনন্দ চক্রবর্তীর এ উৎসবের আয়োজন করেন। এরপর থেকে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন। বিভিন্ন মনোবাসনা পূরণ হলে ভক্তরা তাদের মানত পালন করতে এখানে আসেন।
তিনি আরও জানান, ‘প্রতি বছর মাঘ মাসের অমাবস্যা তিথিতে সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ চিতাই পিঠা উৎসব শুরু হয়ে চলে সারারাত। পরের দিন সকালে খিচুড়ি অনুষ্ঠানের মধ্য দিয়ে তা শেষ হয়।
যশোর থেকে আগত কল্পনা বিশ্বাস জানান, এই কালী মন্দীরে একটি মানত পূরণের জন্য পিঠা উৎসবে এসেছি। বিয়ের পর দীর্ঘদিন ধরে তার সন্তান না হওয়ার কারণে এ মন্দিরের নামে মানত করেছিলেন।
স্রষ্টার কৃপায় তার কন্য সন্তান হওয়া তাকে নিয়ে এসেছেন।
নাজিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফৌরদাউস লুনা জানান, এটি এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এখানে এ উৎসব অনুষ্ঠিত হয়। আর এ উৎসবে দেশের বিভিন্ন স্থান হাজারো নারী পুরুষ অংশ নেয়।
স্থানীয় ইউপি সদস্য জুলহাস উদ্দিন সান্টু জানান, এ পিঠা উৎসব আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিণত হয়েছে। শত বছরের এ উৎসব সর্ম্পকে আমরা আমাদের পূর্ব পুরুষ কাছ থেকে জেনেছি। এ উৎসবে আমরা স্থানীয়রা সাহায্য সহযোগিতা করে থাকি।