শার্শায় পুলিশের বিরুদ্ধে রেলের গেটম্যানকে পিটিয়ে জখমের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি

৯ ডিসেম্বর, ২০২২ ০২:৫৬ অপরাহ্ন

শার্শায় পুলিশের বিরুদ্ধে রেলের গেটম্যানকে পিটিয়ে জখমের অভিযোগ

যশোরের শার্শা থানা পুলিশ নাভারন হাসপাতাল রোডের রেল গেটের রেলওয়ের গেটম্যান বিজয় কুমার সরদার (৩৮) কে বেদম ভাবে পিটিয়ে জখম করেছে। এসময় প্রতিবাদ করায় জিল্লুর রহমান (৩৬) নামে অপর এক গেটম্যানকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধা রাতে। এ সময় স্থানীয়রা বিজয়কে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত বিজয় কুমার সরদার সাতক্ষীরা জেলার আশাশনি থানার বাঁকড়া গ্রামের গোবিন্দ লাল সরকারের ছেলে।

আহত বিজয় কুমার সরদার জানান, সে প্রতি দিনের মত যশোর- বেনাপোল রেল রাস্তার নাভারন হাসপাতাল মোড়ে গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। এমন সময় শার্শা থানার এসআই সুমন সরকারসহ কয়েকজন পুলিশ গাড়ি থামিয়ে তাকে অহেতুক ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে বেদম ভাবে চড়, কিল, ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে যখম করে চলে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার কি অপরাধ সে জানে না। বিজয় বলেন, পুলিশি মারপিটের ঘটনা তার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এ ব্যাপারে যশোর রেলওয়ের সহকারী ইঞ্জিনিয়ার (এইএন) ওয়ালী উল্লাহ হক জানান, পুলিশের এমন ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি আমরা জেনেছি ও যশোরের নাভারন ক সার্কেল এর সহকারী পুলিশ সুপারসহ আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ব্যাপারে তদন্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বিষয়টি অস্বীকার করে বলেন, তাদেরকে কোন প্রকার মারধোর করা হয়নি। ঘটনাস্থলে মাদকের আড্ডা হয় বিধায় রাতে বসে আড্ডা না দেওয়ার জন্য বলা হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৯ ডিসেম্বর, ২০২২ ০২:৫৬ অপরাহ্ন