জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহনেওয়াজ শাহানশাহর হাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ লাঞ্ছিত হয়েছেন। মেয়র সবার সামনেই তাকে চড় মারাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে শহীদ মিনার বেদিতে বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পাঞ্জলি অর্পণ চলাকালে এ ঘটনা ঘটে। মেয়রের এ ঘটনায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় মেয়রের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার ওসি।
সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে বিজয় দিবস উদযাপনের নানা অনুষ্ঠানের আয়োজন করে। স্কুল মাঠের শহীদ মিনারের বেদিতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজন। অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ। সকাল ৭টার দিকে তিনি উপজেলা প্রশাসনের নির্দেশনামতো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তালিকা থেকে মাইকে একে একে নাম ঘোষণা করেন। এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান।
মেয়র তার পৌর পরিষদের সবাইকে নিয়ে যথারীতি পুষ্পাঞ্জলি অর্পণ করে শহীদ মিনার থেকে নেমেই তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে লক্ষ্য করে বলেন, ‘.... বাচ্চা, পৌরসভা কি ৫ নম্বরে ফুল দিবে?’ একই সাথে মেয়র সজোরে মেহের উল্লাহর গালে দুইবার থাপ্পড় মারেন। এ নিয়ে সেখানে বেশ হট্টগোল শুরু হয়ে গেলে মেয়র শাহনেওয়াজ শাহনাশাহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।