পিরোজপুরে ডিসি অফিসের অফিস সহায়ক রিয়াজুল ও জেলা জজ কোর্টের পিয়ন মোঃ ফোরকান হোসেনের বিরূদ্ধে চাকরি দেওয়ার প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রথীন্দ্রনাথ রায় নামের এক ভুক্তভোগী গত ২৯ আগষ্ট পিরোজপুর জেলা প্রশাসক সহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
কোন সূরাহা না পেয়ে অভিযোগকারী রথীন্দ্রনাথ রায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিরোজপুরে অভিযুক্ত ২ প্রতারকের বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আর. এম শাখার অফিস সহায়ক রিয়াজুল ইসলাম ও পিয়ন ফোরকান ঐ ভুক্তভোগী সহ ৪ জনকে জেলা জজের কার্যালয়ে চাকরি দেয়ার কথা বলে ৪২ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
এই প্রতিবেদককে টেলিফোনে ভুক্তভোগী রথীন্দ্রনাথ বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী রিয়াজুল ও পিয়ন ফোরকান গং গত ১২ এপ্রিল আমাকে একটি চাকরির বিজ্ঞাপন ও প্রবেশ পত্র দেখিয়ে আমাকে চাকরি পাইয়ে দেবে বলে ১০ লক্ষ টাকা দাবি করে।
যেহেতু তারা ডিসি অফিসের কর্মচারী তাই আমি তাকে সরল মনে বিশ্বাস করে তাদের দাবিকৃত ১০ লক্ষ টাকা হোটেল অবকাশ এর মোড়ে একটি মিনি চাইনিজ রেস্তোরাঁ কাজী চিকেনে বসে তার হাতে তুলে দেই।
পরে আমার চাকরি না হওয়ায় খোঁজ খবর নিয়ে জানতে পারি ঐ বিজ্ঞপ্তি ও প্রবেশ পত্র ভূয়া ছিল। এখন আমি টাকা ফেরত চাইলে বিভিন্ন লোক দিয়ে আমাকে ভয়ভীতি দেখায়।
আরেক ভুক্তভোগী শন্তু মন্ডল জানান, রিয়াজ আমাকে চাকরি দেওয়ার কথা বলে ১০ লক্ষ টাকা নিয়েছে। কিন্তু আমার চাকরি হয় নাই। অপর আরো এক ভুক্তভোগী শিপু ঘরামী বলেন, আমরা চারজনে মিলে ১০ লাখ টাকা করে দুইবার মোট ২০ লক্ষও বিভিন্ন বিকাশ একাউন্টে আরো নগদ ২২ লাখ
মোট ৪২ লাখ টাকা দিয়েছি। তাদের নিখুঁত অভিনয়ের কিছুই বুঝতে পারি নাই। প্রত্যেকবার টাকা দেবার সময় রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন এবং তার হাত থেকেই ওরা এই ২০ লক্ষ টাকা গ্রহণ করেন।
বাকী টাকা আগ্রহী ব্যাংক পিরোজপুর জেলা পরিষদ শাখা ও বিভিন্ন বিকাশ একাউন্ট ও নগদে পাঠানো হয়।
অভিযুক্ত রিয়াজুলের মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে ব্যস্ততার কথা বলে লাইনটি কেটে দেন। অভিযুক্ত ফোরকানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।
এ ব্যাপরে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আমি একটা অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিনকে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্ৰহন করতে বলেছি।
বাদী রথীন্দ্রনাথ বলেন, রিয়াজুল ফোরকান বিভিন্ন মাধ্যম থেকে আমাদেরকে হুমকি প্রদান করছেন।