ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে বেনাপোলের ভবারবেড় পশ্চিম পাড়ায় আব্দুল্লাহ ফুটবল টুর্নামেন্ট এর উদ্যোগে মিনি নাইট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাতে রেল স্টেশন সংলগ্ন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বেনাপোল পৌর ছাত্রলীগ ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে নাভারণ ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলায় নকআউট ভিত্তিতে আটটি দল অংশগ্রহণ করেন৷
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমীর প্রধান কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাব্বির হোসেন পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আইয়ুব হোসেন পক্ষী৷ এ সময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল রেল পুলিশ ফাঁড়ির এসআই কাইকোবাদ ,শার্শা উপজেলা বাস্তহারা লীগের সেক্রেটারি মোহাম্মদ আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব বিল্লাল হোসেন বিলু ও কবির হোসেন , আজাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী শহীদ হোসেন, এস,এম ইলেকট্রনিক্স স্বত্বাধিকারী মুকুল হোসেন, সাইদুর টেইলার্সের স্বত্বাধিকারী সাইদুর রহমান রহমান প্রমুখ।
খেলা পরিচালনা করেন মোঃ ইয়াসিন ও মোঃ ইয়ানুর। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল ৬ হাজার টাকা । খেলায় ম্যান অব দ্যা সিরিজ মনোনীত হন বিজয়ী দলের স্ট্রাইকার সৌরভ হোসেন।