জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং চলমান আন্দোলনে দলীয় ৫ নেতাকর্মী হত্যাসহ, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে আজ ময়মনসিংহে গণসমাবেশ করবে বিএনপি। দুপুর দেড়টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে মঞ্চ। সমাবেশ সফল করতে রাত থেকেই মাঠে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এদিকে বিএনপির এই সমাবেশ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার রাতে শহরে দলটির নেতাকর্মীদের ওপর যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে যেকোন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃংখলাবাহিনী সতর্ক অবস্থায় আছে বলে জানা গেছে।
এছাড়া আজ সকাল থেকেই জেলার মধ্যে অঘোষিতভাবে বন্ধ রয়েছে গণপরিবহন। এতে সমাবেশে যোগ দেয়া নিয়ে বিভিন্ন এলাকার নেতার্কীরা বিপাকে পড়েছেন। তাছাড়া দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা। ময়মনসিংহের বিভিন্ন রুটে রাস্তার দু'পাশে সারি সারি যাত্রীবাহী বাস রাখা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে বন্ধ রয়েছে বিভিন্ন রুটের গণপরিবহন। ভালুকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রাস্তায় গণপরিবহনের চলাচল নেই। যাত্রীবাহী বাস গুলো সড়কের পাশে পার্কিং করে রাখা হয়েছে।