যশোরের শার্শার নাভারণ রেলস্টেশন অফিস রুমে অনৈতিক কর্মকান্ডের সময় প্রেমিক যুগলকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে রোববার (৯ অক্টোবর) দুপুরের সময়। এ কাজে সহযোগিতাকারউ স্টেশন অফিসে মাস্টাররোলে কর্মরত সৌরভকেও আটক করে। পরে ঘটনাটি মিমাংসার নামে একটি প্রভাবশালী মহল তিন পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করে সকলকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সৌরভ মোটা অংকের টাকার বিনিময়ে স্টেশনের অফিস কক্ষে প্রেমিক যুগলদের অনৈতিক কর্মকান্ডের সহযোগিতা করে আসার বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়। রোববার বিষয়টি স্থানীয় যুবকরা গোপনে পর্যবেক্ষণ করে অনৈতিক কর্মকান্ডের সময় অফিসরুমে প্রেমিক যুগলকে হাতে-নাতে আটক করে। এসময় সহযোগিতাকারী সৌরভসহ প্রেমিক যুগলদের অফিসের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। ঘটনাটি সাথে সাথে লোক জানাজানি হয়ে গেলে স্টেশন এলাকার আশেপাশের লোকজন এসে ভিড় করে। তবে পরে প্রভাবশালী মহল তিন পক্ষের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে সকলকে ছেড়ে দিয়েছে।
শার্শা সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্টেশনে আটক প্রেমিক যুগলকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন পরিস্থিতি যেন আর না হয় সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে।
নাভারন রেলস্টেশনের বুকিং ক্লার্ক মাজহারুল ইসলাম জানান, আমি ঘটনার সময় নাস্তা করতে বাইরে ছিলাম। অফিসে এসে কয়েকজন লোককে অফিসের মধ্যে দেখতে পেয়ে বিষয়টি শুনি। তারা যা বলছে সে রকম কোন ঘটনা ঘটেনি। একটি মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে আমাদের অফিসের বাথরুমে যায়। বাইরে ওই মেয়েটির পরিচিত একটি ছেলে দাঁড়িয়ে ছিল। মেয়েটি বাথরুম থেকে বের হওয়ার পর তারা দু‘জনে অফিসের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় রেলস্টেশন এলাকার কয়েকজন বখাটে ছেলে তাদের নানাভাবে হয়রানি করার চেস্টা করেন। পরে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে এলে তাদের হাতে ছেলে ও মেয়েটিকে দিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে শার্শা থানা অফিসার ইনচার্জ মামুন খান বলেন, এ সংক্রান্ত কোন খবর আমার জানা নেই। বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।