জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শুলজ। বুধবার (৮ ডিসেম্বর) দেশটির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে, সামাজিক গণতন্ত্রী দল, উদারপন্থি দল ও পরিবেশবাদী সবুজ দল; এই তিন দলকে নিয়ে ওলাফ শুলজের মন্ত্রিসভা গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দলগুলোর ১৭৭ পাতার কোয়ালিশন চুক্তি স্বাক্ষরিত হয়।
শপথ গ্রহণের আগে জার্মান পার্লামেন্ট বুন্ডেস্ট্যাগে ৩৯৫ ভোটের মধ্যে ৩০৩ ভোট পেয়ে নিয়োগ সমর্থন পান শুলজ। পরে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার তাকে আনুষ্ঠানিকভাবে নবম ফেডারেল চ্যান্সেলর হিসাবে নিযুক্ত করেন।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ১৬ বছর পর জার্মানিতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। এতদিন দেশটির চ্যান্সেলর পদে ক্ষমতায় ছিলেন অ্যাঙ্গেলা মেরকেল। ওলাফ শুলজের শপথ গ্রহণের মাধ্যমে তার ১৬ বছরের কার্যকালের অবসান ঘটেছে। নতুন চ্যান্সেলর ওলাফ গুলজকে নিয়ে নতুন আশা দেখছেন দেশটির জনগণ।