শুক্রবার গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ এর আহবায়ক ড.রেজা কিবরিয়ার সভাপতিত্ত্বে ও সদস্য সচিব নুরুল হক নুরের সঞ্চালনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও দলের কাউন্সিল বিষয়ে মতামত ব্যক্ত করেন।
সভায়; রাজনৈতিক দলসমূহের গণতান্ত্রিক কর্মসূচিতে সরকারি দলের নেতা-কর্মীদের সন্ত্রাসী হামলা, পুলিশের দমন-পীড়নের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিরোধী রাজনৈতিক দলমমূহের গণতান্ত্রিক কর্মসূচিতে সরকারি দলের নেতা-কর্মীদের সন্ত্রাসী হামলা ও মিছিলে গুলি চালিয়ে পুলিশ কর্তৃক মানুষ হত্যা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়ায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন।
আগামী ২৬ অক্টোবর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে আনন্দ র্যালী,শোভাযাত্রা ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে গণঅধিকার পরিষদ এর রাজনৈতিক লক্ষ্য-উদ্দেশ্যে নিয়ে মতবিনিময়সহ ৪ দিনের কর্মসূচি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
দলের গঠনতন্ত্র পাশ করে গঠনতন্ত্রের ৩৪ ধারা অনুযায়ী যুগ্মআহ্বায়ক ব্রিগেডিয়ার (অবঃ) হাবিবুর রহমানকে প্রধান ও যুগ্মআহ্বায়ক জাকারিয়া পলাশ ও আরিফুল ইসলামকে সদস্য করে দলের "নির্বাচন ব্যবস্থাপনা বোর্ড " গঠন করা হয়।
২০২৩ সালের জানুয়ারি শেষের দিকে গণতান্ত্রিক উপায়ে দলের প্রথম কাউন্সিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সভায় উপস্থিত নেতৃবৃন্দ জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় সরকারের অধীনে ও ইভিএমের ভোটে অংশগ্রহণ না করে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে অপরাপর বিরোধী রাজনৈতিক দলসমূহের সাথে সমন্বয় করে অর্ন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের বিষয় একমত হন।