টানা দুইদিন ধরে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসীসহ সারাদেশের মানুষ। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টি আজ সোমবারও অব্যাহত আছে। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে, সড়কে জমেছে পানি। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কর্মস্থলে যেতে সকাল থেকেই কর্মজীবী মানুষের সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
সরেজমিনে বিভিন্ন স্থানে দেখা গেছে, বিভিন্ন এলাকার অলি-গলিতে পানি জমে গেছে। তাই বাসা থেকে বের হয়েই রিকসার জন্য অপেক্ষা করতে হচ্ছে। রিকসা না পেয়ে অনেকে বৃষ্টির জমা পানিতে হেঁটেই কাছের গন্তব্যে যাচ্ছেন। প্রধান সড়কগুলোতে অন্যদিনের তুলনায় যানবাহন কম দেখা গেছে।
এদিকে বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষার্থী সহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরকেও নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।অনেকে রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। বৃষ্টির কারণে খেটে খাওয়া মানুষের অনেকে কর্মহীন অবস্থায় আছেন। ফুটপাত ও ছোট-খাট ব্যবসায়ীরাও তাদের ব্যবসা কার্যক্রম চালাতে পারছেন না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ গতকাল রোববার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় অবস্থানরত জাওয়াদ আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে পড়বে। এর প্রভাবে আজ সোমবারও দেশের কোথাও কোথাও বৃষ্টি ঝরতে পারে। কাল মঙ্গলবার থেকে কমতে পারে বৃষ্টি। এরপর থেকে তাপমাত্রা কমে শীত বাড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।