শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আমরা শ্রীলঙ্কার মতো স্বৈরশাসন চাই না: জি এম কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ৯ অগাস্ট, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন

    আমরা শ্রীলঙ্কার মতো স্বৈরশাসন চাই না: জি এম কাদের

    জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো মড়ার উপর খাঁড়ার ঘা। তিনি বলেন, সরকার নাকি আইএমএফের পরামর্শে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আইএমএফ যদি মানুষ হত্যা করতে বলে, তাহলে কি সরকার মানুষ হত্যা করবে?

    সোমবার বিকেলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে জি এম কাদের এ কথা বলেন।

    এ সময় জাপার চেয়ারম্যান বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন নিম্নমুখী, তখন হঠাৎ দাম বাড়াতে হলো কেন? তেলের দাম ১০৯ ডলার থেকে কমিয়ে ৮৯ ডলার হয়েছে, তখন কেন দেশে তেলের দাম বাড়াতে হবে? যখন তেলের দাম কম ছিল, তখন হাজার কোটি টাকা লাভ হয়েছে, সেই টাকা গেল কোথায়? লুটপাট হয়েছে?

    জি এম কাদের বলেন, ‘আমি আগে যখন বলেছি দেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে, তখন আমাকে বলা হলো আমি নাকি মূর্খ। কিন্তু এখন এই অবস্থা কেন?’ তিনি বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে কিছু মিল রয়েছে আমাদের। সেখানেও স্বৈরশাসন চলছে। জনগণের কাছে শাসকদের কোনো জবাবদিহি নেই। আর মেগা প্রকল্পের নামে লুটপাট ও দুর্নীতি চলছে। আমরা শ্রীলঙ্কার মতো স্বৈরশাসন চাই না, মেগা প্রকল্প চাই না।’

    করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেন জি এম কাদের। তিনি বলেন, এমন অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। তেলের দাম বাড়ালেই পরিবহনশ্রমিকেরা একধরনের হরতাল ডেকে গণপরিবহন বন্ধ করে দেন। তখন সরকার হাত-পা ধরে কিলোমিটারে ৩৫ থেকে ৪০ পয়সা বাড়িয়ে দেয়। আর পরিবহনশ্রমিকেরা কয়েক গুণ বেশি টাকা আদায় করছেন। যদি কেউ অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হয়, তাকে পথে নামিয়ে দেওয়া হয়। জনগণের এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই।

    সংসদে বিরোধী দলের উপনেতা বলেন, কুইক রেন্টাল আর ক্যাপাসিটি চার্জের নামে উৎপাদন ছাড়াই হাজার কোটি টাকা লোপাট করা হচ্ছে। আমরা জ্বালানি খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে বলছি। বিশ্বব্যাংক আর আইএমএফকে সকাল–সন্ধ্যা গালাগাল করল সরকার। আমাদের নাকি অনেক রিজার্ভ আছে। কিন্তু এখন কেন ঋণের জন্য ধরনা দিচ্ছে? এত রিজার্ভ গেল কোথায়?

    জাপার চেয়ারম্যান বলেন, অনেক দেশে তেলের মূল্যবৃদ্ধির কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু সেসব দেশে রেশন দেওয়া হয় আর দুঃসময়ে নগদ টাকাও দেওয়া হয় জনগণকে। সেখানে মানুষের প্রতি সরকারের জবাবদিহি আছে। আমাদের দেশের মানুষ প্রতিনিধি নির্বাচন করেন, এখন প্রতিনিধিরা রাজা হয়ে গেছেন, সাধারণ মানুষ হয়েছে প্রজা। আমরা আর রাজা চাই না। দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরে পেতে চায়। তাই একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় দেশের মানুষ।

    সমাবেশে আরও বক্তব্য দেন জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, জাপার মহাসচিব মুজিবুল হক, জাপার কো–চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান, ফকরুল ইমাম, মীর আব্দুস সবুর, শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর