ইয়েমেনের রাজধানী সানায় হুতি সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী। সেখানে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর গোপন আস্তানাও রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এ বিমান হামলাকে বৈধ বলে উল্লেখ করেছে সৌদি জোট। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু কিংবা তার আশপাশে জড়ো না হতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে তারা।
ইরান-সংশ্লিষ্ট হুতিদের প্রধান সম্প্রচার মাধ্যম আল-মাসিরাহ টেলিভিশনে বলা হয়েছে, সানা বিমানবন্দরে সৌদি জোট তিনটি বিমান হামলা চালিয়েছে। আর চতুর্থ হামলাটি হয়েছে একটি পার্কে।
এর আগে আরব জোট জানায়, সানা বিমানবন্দরকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে বিদ্রোহীরা। সেখান থেকেই তারা আন্তঃসীমান্ত হামলা অব্যাহত রেখেছে।
ঘনবসতিপূর্ণ সানায় চলতি মাসে বেশ কয়েকটি হামলা চালায় সৌদি আরব। হুতিরাও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদিতে আন্তঃসীমান্ত হামলার সংখ্যা বাড়িয়ে দিয়েছে।