খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছেন মো. জিল্লুর রহমান চৌধুরী। রোববার তিনি নতুন এই পদে অফিস শুরু করেন। এর আগে গত ২১ জুন মন্ত্রিপরিযদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জিল্লুর রহমান চৌধুরীকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী সহকারী কমিশনার হিসেবে ১৯৯৪ সালের ৩০ এপ্রিল লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি নীলফামারি জেলার জলঢাকা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সিলেট জেলার জৈন্তাপুর ও ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঢাকা জেলায় দায়িত্ব পালন করেন। তিনি উপসচিব হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত সফলতার সাথে লক্ষীপুর ও চট্টগ্রাম জেলায় দায়িত্ব পালন করেছেন। যুগ্মসচিব হিসেবে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সুনামগঞ্জ সদরের বাসিন্দা মো. দিলশাদ মিয়া চৌধুরীর ও বেগম হাজেরা চৌধুরী ছেলে মোঃ জিল্লুর রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল এন্ড ডেভেলপমেন্ট ইকোনমিকস বিষয়ে এম. এস. ডিগ্রী অর্জন করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।