মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করে ঋণগ্রস্ত হয়ে ঘরছাড়া হয়েছেন ঠিকাদার আলী আহম্মদ শিকদার। পাওনাদারদের ঠিক সময়ে টাকা দিতে না পারায় বর্তমানে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
আলী আহম্মদের দাবি গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক ইউএনও রাশেদুর রহমানের প্রতারণার ফাঁদে পড়ে ঘরছাড়া হয়েছেন তিনি। এবিষয়ে আলী আহম্মদ গত ৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও গত ৩১ মে দূর্যোগ ব্যবস্থা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন।
আলী আহম্মদ লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে জড়িত আলী আহম্মদ। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ প্রকল্পের কাজ আসলে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিন উক্ত প্রকল্পের ঘর নির্মাণের জন্য অনুরোধ করেন আলী আহম্মদকে।
প্রথম ধাপের গোবরা, পাইককান্দি, উলপুর ও দূর্গাপুর ইউনিয়নে ১৫৩ টি ঘর নির্মাণ করে আলী আহম্মদ। প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ থাকলেও সদরের ইউএনও রাশেদুর রহমান ১ লক্ষ ৫৯ হাজার টাকা করে প্রদান করেন। ঘরপ্রতি ১২ হাজার কম দিয়ে মোট ১৮ লক্ষ ৩৬ হাজার কম দেয় ও সেই টাকা পরবর্তীতে পরিশোধ করবে বলে জানায় ইউএনও।
পরে ২য় ধাপে সদর উপজেলার মালেঙ্গা, করপাড়া, লতিফপুর, রঘুনাথপুর, দূর্গাপূর ও পাইককান্দি ১৩৪ টি ঘর নির্মাণ করে। প্রতিটি ঘরে ১ লক্ষ ৯১ হাজার টাকা বরাদ্দ থাকলেও ইউএনও রাশেদুর রহমান ১ লক্ষ ৭২ হাজার টাকা করে দেন। তাতে ২য় পর্যায় প্রতিটি ঘরে ১৯ হাজার টাকা করে মোট ২৫ লক্ষ ৪৬ হাজার টাকা কম দেয়। পরে বরাদ্দ এলে পাওনা টাকা শোধ করবে বলে জানায় ইউএনও।
পরে করপাড়া ও উলপুরে ৯৩ টি ঘর তৈরি করে দিলেও ঘরপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৯ লক্ষ ৩০ হাজার টাকা কম দেয়।
গোপালগঞ্জ সদর উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৩৮০ টি ঘর নির্মাণ শেষ হলেও আলী আহম্মদের ৫৩ লক্ষ ১২ হাজার টাকা বকেয়া রাখে। পরে টাকা চাইতে গেলে ইউএনও রাশেদুর রহমান জানান টাকা ব্যাংকে টাকা জমা হয়েছে জানিয়ে এক সপ্তাহ পরে আসতে বলেন। এক সপ্তাহ পরে গেলে ইউএনও রাশেদুর রহমান পিআইও আলাউদ্দিন এর সাথে যোগাযোগ করতে বলেন। পিআইওর কাছে গেলে তিনি জানান টাকা ইউএনও স্যারের ব্যাংক একাউন্টে জমা আছে। পরে এভাবে ঘুরিয়ে ছয় মাস অতিবাহিত হলেও আমার পাওনা টাকা পরিশোধ করেননি। টাকা চাইতে গেলে ইউএনও রাশেদুর রহমান উত্তেজিত হয়ে খারাপ আচরণ ও প্রাননাশের হুমকি দেয়। অন্যদিকে মুজিববর্ষের ৩৮০ টি ঘর নির্মাণ করে পাওনা টাকা না পাওয়ায় আমি ঋণগ্রস্ত হয়ে পরেছি। পাওনাদারদের টাকা পরিশোধ না করায় পলাতক রয়েছি। মুজিববর্ষের ঘর নির্মাণ করতে গিয়ে ইউএনওর প্রতারনায় নিজেই ঘরহীন হয়ে পরেছি।
ঘর তৈরিতে তিনি নিন্ম মানের মালামাল ও ৩ নম্বর ইট ব্যবহার করেছেন। যার ফলস্বরূপ সদর উপজেলার উরফি ও গোবরায় নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেবে ও অনেক ঘরের কিছুটা ভেঙে গেছে। এছাড়া বিভিন্ন জায়গায় ঘর নির্মাণের জন্য বালি ভরাট করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্যর তহবিল থেকে আনুমানিক ৬০ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও ইউএনও রাশেদুর রহমান ও পিআইও আলাউদ্দিন নদীতে ড্রেজার বসিয়ে সেই জায়গা বালু দিয়ে ভরাট করে বলেও অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী ঠিকাদার।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এটা উপজেলার বিষয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাই এর সমাধান করবেন। সম্প্রতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদোন্নতি পাওয়ায় জেলা প্রশাসকের কাছে সমাধান পাওয়া দুরুহ হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কারি ঠিকাদার আলী আহম্মদ শিকদার বলেন, দীর্ঘদিন ঘোরাঘুরি করে ও আমার পাওনা টাকা না পেয়ে আমি নিজেই ঘরছাড়া হয়েছি। অনেক চেষ্টার পরেও টাকা না পেয়ে সচিবদের বরাবর আবেদন করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটাই দাবী আমি যেন আমার টাকা ফেরত পেতে পারি তার ব্যবস্থা গ্রহন করে সাবেক ইউএনও রাশেদুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিনের দুর্নীতির বিষয়টি উদ্ঘাটন করে সুবিচারের কামনা করছি।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর এবং দুদকের সচিব বরাবরও একই বিষয়ে আবেদন দেয়া আছে বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক ইউএনও রাশেদুর রহমান (বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক) জাগো কণ্ঠকে বলেন, তার জানামতে কেউ কোন টাকা পাবে না, আর কাকে কত টাকা দেয়া হয়েছে সেটা অফিশিয়ালি রেকর্ড আছে। তিনি আরও বলেন, সরকার যে কোন সংস্থা চাইলে এ বিষয়ে তদন্ত করতে পারে।