জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির মেধাতালিকা আজ সোমবার প্রকাশ করা হবে। আজ রাত ৯টায় নির্বাচিতদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া মুঠোফোনে এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের ফল পুরোপুরি প্রস্তুত। সোমবার রাত ৯টায় ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবেন।
তিনি আরও জানান, ফল প্রকাশের পর থেকে ২৮ জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনার্স এপ্লিকেন্ট লগিন লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।
২১ থেকে ২৯ জুনের মধ্যে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। ২১ থেকে ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে।
তবে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সময়সীমা সুবিধাজনক সময় অনুযায়ী বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান ও ভর্তি সংশ্লিষ্টদের মধ্যে এক অনানুষ্ঠানিক আলোচনায় ভর্তির সময়সী বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিসহ অন্যান্য এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়। শিগগিরই আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে জানানো হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২২ মে বিকাল ৪টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ৯ জুন পর্যন্ত রাত ১২টা পর্যন্ত। ভর্তির জন্য আবেদন করেছেন ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন। এর মধ্যে বিজ্ঞানে এক লাখ ৭৪ হাজার ৫৯১টি, ব্যবসায় শিক্ষা শাখায় এক লাখ ৬ হাজার ১৮৮ এবং মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫টি আবেদন পড়েছে।