বর্তমান সরকার দেশের সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে। আর সরকারের এই উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বর্তমান মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে এম রুহুল আমীনের নেতৃত্বে মাদ্রাসা অধিদপ্তরকে একটি গতিশীল ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মাদ্রাসা শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে সম্প্রতি চট্টগ্রামে এক মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে এম রুহুল আমীন বলেন, বর্তমান সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য আন্তরিক ভাবে কাজ করছে। সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সকল মাদ্রাসার অধ্যক্ষ / সুপারসহ সকল মাদ্রাসা শিক্ষকদের নিবেদিত ভাবে কাজ করে মাদ্রাসা শিক্ষার গুনগত মান উন্নয়নে আরো মনোযোগী হতে হবে।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তাদের উপযুক্ত হিসাবে গড়ে তুলতে হবে। এই দায়িত্বটা আপনাদেরকে যথাযথ ভাবে পালন করতে হবে। বিগত করোনা মহামারীর সময় ক্ষতিগ্রস্ত মাদ্রাসা শিক্ষাকে পুনরায় উজ্জীবিত করে শিক্ষার্থীদের উদ্যম বৃদ্ধির মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নিতে হবে।
তিনি মাদ্রাসা শিক্ষকদের ব্যাপারে সরকারের আন্তরিকতার কোন অভাব নেই বলে উল্লেখ করেন। ইতোমধ্যে শিক্ষকদের সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে বলে মত প্রকাশ করেন। মাদ্রাসায় অ্যাকাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ল্যাব স্হাপন করে শিক্ষার গুনগত মান উন্নয়নের সরকার কাজ করছে। মাদ্রাসা সমূহের উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আপনারা গঠন মুলক প্রস্তাবনা দেন। এসব প্রস্তাবনা অবশ্যই সরকার বিবেচনা করবে।
সূত্রমতে, কে, এম, রুহুল আমীন ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় জন্মগ্রহণ করেন। কে, এম, রুহুল আমীন ১১ তম বিসিএস (প্রশাসন ক্যাডার) এর সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। এর আগে তিনি সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন। সর্বশেষ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর থেকে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি। এক্ষেত্রে অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীসহ মাদ্রাসা সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে এ গিয়ে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেছেন কে এম রুহুল আমীন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি নবসৃষ্ট সরকারি প্রতিষ্ঠান। ২০১৫ সালের আগস্ট মাস হতে কাকরাইলের জাতীয় স্কাউট ভবনে সম্পূর্ণ ভাড়া অফিসে এ দপ্তরের কার্যক্রম শুরু হয় । স্বল্প পরিসরে অফিস কার্যক্রম ঠিকমত পরিচালিত না হওয়ায় এবং কর্মকর্তাদের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বর্তমানে "গাইড হাউস (৭ম এবং ১০ম তলা ), নিউ বেইলি রোড, ঢাকা-১০০০" ভাড়ার ভিত্তিতে এ দপ্তরের কার্যক্রম চলছে ।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ৭৯৫৪ টি এমপিও ভূক্ত মাদরাসায় ১,৫০,৮০০ জন শিক্ষক ও কর্মচারীদের প্রতি মাসে বেতন ও ভাতা দেয়া হচ্ছে। এছড়াও ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ৪,৫২৯ জন শিক্ষকদের অনুদান দেয়া হচ্ছে। এই বিপুল সংখ্যক মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রশাসনিক এবং একাডেমিক বিষয়ে মনিটরিং এর সার্বিক দায়িত্ব মাদ্রাসা শিক্ষা অধদিপ্তরের। এ অধিদপ্তরের প্রশাসনিক অধিক্ষেত্র সমগ্র বাংলাদশ। এমপওি ভূক্তকরণ, শিক্ষক এমপওি ভূক্তকরণসহ মাদ্রাসা শিক্ষার একাডেমিক এবং কাঠামোগত উন্নয়নের ব্যাপারে মন্ত্রণালয়কে পরার্মশ দেয়া এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা অধিদপ্তরের প্রধান কাজ। বর্তমানে মেমিস এর মাধ্যমে অনলাইন পদ্ধতিতে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও (বেতন-ভাতা) আবেদন দ্রুতসময়ে প্রক্রিয়াকরণ ও সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান/বিতরণ নিশ্চিতকরণ করা হয়।