এখন থেকে আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলের নাটক বা কোনো অনুষ্ঠানে নারীদের দেখানো যাবে না। এ বিষয়ে টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নতুন ‘ধর্মীয় নীতিমালা’ প্রকাশ করেছে দেশটির তালেবান সরকার।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গতকাল রোববার আফগানিস্তানের নীতিনৈতিকতা–বিষয়ক মন্ত্রণালয় এসব নির্দেশনা জারি করে। চলতি বছর ক্ষমতায় আসার পর এই প্রথম আফগান গণমাধ্যমগুলোর ওপর নিয়মনীতি চাপিয়ে দিল তালেবান।
মন্ত্রণালয়ের নতুন নীতিমালা অনুযায়ী, সংবাদ উপস্থাপনের সময় নারী সাংবাদিকদের হিজাব পরিধান করতে হবে। ধর্মীয় কোনো চরিত্র নিয়ে টেলিভিশনে কোনো চলচ্চিত্র বা অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না। পাশাপাশি ইসলাম ও আফগান আদর্শের বিপরীতে যায়, এমন অনুষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা এসেছে।
এদিকে নীতিমালাগুলো জারির পর তা রোববারেই সামাজিক যোগাযোগের মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে। এ নিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র হাকিফ মোহাজির এএফপিকে বলেন, ‘এগুলো কোনো আইন না, বরং ধর্মীয় নীতিমালা।’