নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, যে বাংলাদেশের মানুষ তাদের অধিকারের জন্য লড়াই করেছিলো, সংগ্রাম করেছিলো সেই বাংলাদেশের মানুষকে আজকে তাদের ন্যুনতম যে অধিকার, ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ইসি বা নির্বাচন কমিশন তৈরি করা হচ্ছে। আমরা আগেই বলেছি যে, এ নির্বাচন কমিশন দিয়ে কোনো কাজ হবে না যদি না নির্বাচনকালীন সময় সরকার পরিবর্তন না হয়, সেটা নির্দলীয়ভাবে।
আজকে শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন করে, তারজন্য সার্চ কমিটি গঠন করে জনগণের সঙ্গে প্রতারণা করে পুরোপুরি জনগণকে বোকা বানিয়ে আবারো সেই ২০১৪ ও ২০১৮ সালের মতো একটা নির্বাচন কমিশন বানিয়ে তাদের (আওয়ামী লীগের) ক্ষমতাকে তারা পাকাপোক্ত করতে চায়, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জীবন-কর্মের ওপর ‘স্মৃতির অ্যালবাম’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে ‘দি ইউনিভার্সেল একাডেমী’র উদ্যোগে এ অনুষ্ঠান হয়। ২৭২ পৃষ্ঠার এ গ্রন্থটি প্রকাশ করেছে দি ইউনিভার্সেল একাডেমী। যার মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা।
দুদক কর্মকর্তার চাকুরিচ্যুত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আজকের পত্রিকা খুললে দেখবেন দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তাকে তাকে অপসারণ করা হয়েছে এবং কেনো অপসারণ করা হয়েছে? তিনি যে ব্যাক্তিগুলোকে চিহ্নিত করেছিলেন যে তারা দুর্নীতি করছে ব্যাপকভাবে বিশেষ করে কক্সবাজারের দুর্নীতি করার ক্ষেত্রে। সেই মানুষগুলোই তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তিনি নাকী দুর্নীতি পরায়ন। কোন রকমের সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে। এ দেশে দুর্নীতি ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটার সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে সরকার।
গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত আইনমন্ত্রী-উপদেষ্টার কথোপকথন, চাঁদপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমির অধিগ্রহনের শিক্ষামন্ত্রীর আত্বীয়-স্বজনের সম্পৃক্ততার সংবাদ তুলে ধরে ফখরুল বলেন, আজকেও আবার একটি পত্রিকায় দেখলাম যে, ঢাকা এয়ারপোর্ট থেকে টঙ্গির যে রাস্তা এ রাস্তার প্রতি কিলো মিটারের খরচ দেখানো হয়েছে ২১৩ কোটি টাকা যা পৃথিবীর কোথাও নেই। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীত এবং এটি ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো ব্যাথির মতো।
এখন বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতি করছেন ভিসিরা, এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করছেন তারা দুর্নীতি করছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে, মেডিকেল কলেজগুলোতে দুর্নীতি করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়-শিক্ষাতে এমন একটা জায়গা নাই যেখানে দুর্নীতি করা হচ্ছে না। এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন সবসময় সব কালে জন্মায় না। এরা ক্ষনজন্মা মানুষ। তাদের সারাটা জীবন তার কাজের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। ড. মোশাররফ তার জীবনে যেখানে হাত দিয়েছেন সফল হয়েছেন। তিনি দীর্ঘজীবী হউন, তিনি আরো বহু সময় ধরে এই জাতিকে নেতৃত্ব দিন, আমাদের নেতৃত্ব দিন। তার জ্ঞান, তার দক্ষতা, অভিজ্ঞতা তিনি আমাদের মধ্যে ছড়িয়ে দিক বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেন- এই আশা এই কামনা করছি।
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই গ্রন্থ কোনো প্রবন্ধ বা কোনো নভেল বা সাহিত্য নয়। আমার জীবনে আমার কাছে যে সব ছবিগুলো সংরক্ষিত ছিলো আমরা মনে ভেতরে পরিকল্পনা আসলো যেহেতু এই ছবিগুলো আমার আছে সেগুলো দিয়ে একটা বই হতে পারে। আমি বিশ্বাস করি যে, ছবি কথা বলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের নবীন আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেনের পরিচালনায়
আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আফম ইউসুফ হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, আলোকচিত্র সাংবাদিক নুর উদ্দিন আহমেদ নুরু, প্রকাশক শিহাব উদ্দিন ভুঁইয়া প্রমূখ।