পদ্মা সেতু ঘিরে শরীয়তপুরে চলছে নানা উন্নয়নমূলক কর্মযজ্ঞ। পাল্টে যাচ্ছে এক সময়ের অবহেলিত, অনুন্নত এই জেলার চিত্র। পদ্মা সেতুর পাশেই জাজিরার নাওডোবাতে চলছে শেখ হাসিনা তাঁতপল্লীর নির্মাণ কাজ। এ শিল্প গড়ে উঠলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জানা গেছে, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে তাঁতপল্লী গড়ে তোলার লক্ষ্যে ১২০ একর জমি অধিগ্রহণ করেছে সরকার। এর মধ্যে শরীয়তপুর অংশে নাওডোবাতে ৬০ একর ও মাদারীপুরের শিবচরে ৬০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এক হাজার ৯১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ করছে বাংলাদেশ তাঁত বোর্ড। তাঁতিদের জন্য থাকবে আবাসিক ভবন, তাঁত শেড, ডরমেটরি, রেস্ট হাউস, সাইবার ক্যাফে ও বিদ্যুতের উপকেন্দ্র।

শরীয়তপুর অংশে শেখ হাসিনা তাঁতপল্লী নির্মাণ প্রকল্পের সাইট ম্যানেজার জুয়েল মোড়ল বলেন, শরীয়তপুর অংশে নাওডোবাতে ভূমি ভরাটের মাধ্যমে চলতি বছরের জানুয়ারি মাস থেকে চলছে ভূমি উন্নয়ন ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ। এরপর শুরু হবে অবকাঠামো উন্নয়নের কাজ। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০৭ কোটি ৪৫ লাখ টাকা। যেখানে তাঁতশিল্পের সঙ্গে থাকবে তাঁতিদের আবাসন ব্যবস্থা। তাঁতিদের কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি, পণ্যের গুণগত মান উন্নয়ন, বাজারজাতকরণ, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে তাঁতবস্ত্র সরবরাহের মাধ্যমে তাঁতিদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়েই গড়ে উঠছে শেখ হাসিনা তাঁতপল্লী।