চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার রাতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খাদেমুল ইসলাম। এর আগে সন্ধ্যায় উপজেলার দাদনচক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খাদেমুল ইসলাম দাদনচক বাজার এলাকার মৃত তোবজুল হকের ছেলে।
অভিযোগে জানা গেছে- উপজেলার দাদনচক বাজার এলাকায় খাদেমুল ইসলামের বাড়িতে কেউ না থাকার সুযোগে সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে ৮-১০ জনের একটি দল বাড়িঘরে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তিনটি ঘরের মালামাল তছনছ করে শোকেসে রাখা আমবাগান ব্যবসার নগদ পাঁচ লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন ঘটনা দেখে খাদেমুল ইসলামকে অবহিত করেন।
ভুক্তভোগী খাদেমুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাড়ির পাশে দাদনচক বাজারে বৃদ্ধ মাকে নিয়ে চিকিৎসা করাতে যায়। এ সুযোগে বাড়িঘরে হামলা চালিয়ে নগদ পাঁচ লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। ঘটনার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।