আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সাবেক এই প্রধানমন্ত্রীকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সোমবার ভোর ৪ টা ১২ মিনিটে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ৪ টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান।
হাসপাতালে নেয়ার পর তাৎক্ষনিকভাবে বিএনপি চেয়ারপার্সনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়া’র ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই বাসায় ফেরেন খালেদা জিয়া। এ দফায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় খালেদা জিয়ার হৃদযন্ত্রে ‘স্থায়ী পেসমেকার’ বসানো হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।
করোনাভাইরাস মহামারীর শুরুতে তার পরিবারের আবেদনে সরকার নির্বাহী আদেশে দুই শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়। শর্ত হল, তাকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
গত তিন বছরে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে কয়েক দফা অনুমতি চাইলেও ওই শর্তের যুক্তি দেখিয়ে প্রতিবারই তা নাকচ করেছে সরকার।