এবার একটি বাঘের মৃত্যুর খবর পাওয়া গেছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। ১৮ দিন আগে ওই বাঘের মৃত্যু হয় বলে জানা গেছে।
এর আগে গত ২ জানুয়ারি থেকে একের পর একে জেব্রার মৃত্যু হলেও তা প্রকাশ পায় অনেক পরে। ২৪ জানুয়ারি হঠাৎ ৯টি জেব্রার মৃত্যুর খবর আসে। শনিবার আরো একটি জেব্রার মৃত্যু হয়। একইসঙ্গে বাঘ মৃত্যুর খবরটিও প্রকাশ পায়।
জানা গেছে, রোববার দুপুর পর্যন্ত বাঘের মৃত্যুর বিষয়টি গোপন রাখেন সাফারি পার্কের কর্মকর্তারা। জেব্রার মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সামনে দুপুরের পর স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বাঘের মৃত্যুর বিষয়টি জানতে চাইলে স্বীকার করেন কর্মকর্তারা। পরে সাফারি পার্ক প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির বলেন, গত ১২ জানুয়ারি বাঘটি মারা যায়। মৃত বাঘটি পুরুষ ছিল। তাঁর দাবি, বাঘটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। অসুস্থ অবস্থাতেই মৃত্যু হয়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, পার্ক প্রতিষ্ঠার পর বাঘটি দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। এর বয়স হয়েছিল ১৪ বছরেরও বেশি।পুরুষ বাঘটির মৃত্যু হওয়ায় সাফারি পার্কে বাঘের সংখ্যা কমে ৯-এ নামল।
জানা গেছে, বাঘের মৃত্যুর ঘটনাটি সেখানে অনেক কর্মচারীই জানতেন না। বাঘটি মারা যাওয়ার পর গোপনে ময়নাতদন্ত করা হয়। এরপর মৃত বাঘটি সাফারি পার্কের ভেতরে মাটিচাপা দেওয়া হয়।
তবিবুর রহমান জানান, প্রায় দুই মাস আগে বাঘটির সামনের বাঁ পায়ে ক্ষত দেখা দিয়েছিল। এর ১৫ দিন পর ওই পায়ে অস্ত্রোপচার করা হয়। পরে বাঘটি সুস্থ হয়ে ওঠে। কিন্তু এর কয়েক দিন পর ফের অসুস্থ হয়ে পড়ে। ওই সময় খাওয়া ছেড়ে দেয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকদলের পরামর্শে খাবার পরিবর্তন করে গরুর মাংসের বদলে মুরগি দেওয়া হয়। দুই দিন দুটি মুরগি খায়। এরপর আবার খাবার খাওয়া ছেড়ে দেয়। ওই অবস্থায় গত ১২ জানুয়ারি মারা যায় বাঘটি।
এর আগে ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি সুন্দরবন থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া একটি বাঘিনী চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মারা যায়। ২০১৮ সালের ১ এপ্রিল সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসালয়ে মারা যায় তিন পা ওয়ালা একটি বাঘিনী। এটি উদ্ধার হয়েছিল সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশি গ্রাম থেকে। ২০১৯ সালের ১৩ আগস্ট মারা যায় আরো একটি বাঘিনী। বাঘিনীটির জন্ম হয়েছিল এই সাফারি পার্কেই। জেব্রা মারা গেল ১১টি
সাফারি পার্কে গত ২৮ দিনের ব্যবধানে ১১টি জেব্রার মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার দুপুরে ও সন্ধ্যায় দুটি জেব্রা মারা যায়। পার্কের সর্বশেষ হিসাব অনুযায়ী সেখানে মোট জেব্রা ছিল ৩২টি।
সাফারি পার্ক প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানিয়েছেন, অন্য পশুদের সঙ্গে মারামারিতে শাবকসহ দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসায় দুটি জেব্রাই সুস্থ হয়ে উঠেছে।