সব জেলা পরিষদে একই সংখ্যার সদস্য না রেখে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে জাতীয় সংসদে। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২ সংসদে তোলার পর তা সাতদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিদ্যমান আইনে প্রতি জেলায় ১৫ জন সাধারণ সদস্য ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকার বিধান রয়েছে। এর পরিবর্তে বিলে জেলার প্রত্যেক উপজেলায় (জেলার মোট উপজেলার সমানসংখ্যক) একজন করে সদস্য এবং চেয়ারম্যানসহ সদস্যদের মোট সংখ্যার এক-তৃতীয়াংশ (নিকটবর্তী পূর্ণসংখ্যা) নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, উপজেলা পরিষদগুলোর চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেয়র জেলা পরিষদের সভায় অংশগ্রহণ করতে পারবেন। তবে তাদের ভোটাধিকার থাকবে না। বিলে বলা হয়েছে, জেলা পরিষদের মেয়াদ শেষ হলে পরিষদের কার্যক্রম পরিচালনায় সরকার প্রশাসক নিয়োগ দেবে।