বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে রাজনৈতিক, মানবাধিকার ও ব্যবসা বাণিজ্যে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (৯ জানুয়ারি) ইউরোপিয়ান কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ তাদের অবস্থান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে ইইউ-বাংলাদেশ দীর্ঘমেয়াদি অংশীদারি পুনর্ব্যক্ত করেছে। তবে নির্বাচনে সব বড় দল অংশ না নেয়ায় ইইউ হতাশা প্রকাশ করেছে।
এতে আরও বলা হয়, ইইউ তার নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের সমঝোতাকে স্বাগত জানায়। স্বচ্ছতা এবং জবাবদিহিতার একই চেতনায়, নির্বাচনে অনিয়মের অভিযোগ সময়মতো এবং পূর্ণ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।
বিবৃতিতে ইইউ জানায়, ইইউ নির্বাচনকালীন সংঘটিত সহিংসতার নিন্দা এবং নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানায়। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে এ সময় এবং তার পরেও সম্মান করা এবং সমুন্নত রাখাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে, বিরোধী ব্যক্তিদের আটক অত্যন্ত উদ্বেগজনক।
ইইউর বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানকে সম্মান করতে এবং শান্তিপূর্ণ সংলাপে সম্পৃক্ত হতে ইইউ সব অংশীদারকে জোরালভাবে উৎসাহিত করে। গণমাধ্যম, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর ‘সেন্সরশিপ’ বা প্রতিশোধের ভয় ছাড়াই কাজ চালিয়ে যাওয়ার সুযোগ গুরুত্বপূর্ণ বলেও মনে করে ইইউ।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে বাংলাদেশের ‘জিএসপি প্লাস’ অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পাওয়াসহ রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে চিহ্নিত করে এমন অগ্রাধিকার নিয়ে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে ইইউ
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারী, ২০২৪ ০৮:২৯ পূর্বাহ্ন