পিরোজপুরের ইন্দুরকানীতে ভূয়া নামজারি ও ভূয়া দাখিলা দিয়ে দলিল করতে গিয়ে দলিল লেখকসহ ২ জন আটক হয়েছেন। মঙ্গলবার রাতে সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী স্বপন কুমার বাদী হয়ে দলিল লেখক রেজাউল গাজী সহ ৩জনকে আসামী করে ইন্দুরকানী থানায় জালিয়াতি মামলা দায়ের করেন। পরে অভিযোগের দু"জনকে আটক করে ইন্দুরকানী থানা পুলিশ।
জানা যায়, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক রেজাউল করিম গাজী মঙ্গলবার সাব-রেজিস্ট্রার কার্যালয় একখানা দলিল রেজিষ্ট্রি করার জন্য কাগজপত্র দাখিল করেন । জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করে নামজারী ও দাখিলার কাগজ ভূয়া প্রমানিত হয় । সাব-রেজিস্ট্রার অফিস থেকে বিষয়টি ইন্দুরকানী থানা পুলিশকে জানালে দলিল লেখক মোঃ রেজাউল করিম গাজী ও গৃহিতা মোঃ আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। পরে কৌশলে পালিয়ে যান দাতা রিজিয়া বেগম।
দাতা রিজিয়া বেগম জানান, আমার কাছ থেকে দলিল লেখক মোঃ রেজাউল করিম গাজী কাগজপত্র ঘুচিয়ে দেওয়ার কথা বলে নামজারী বাবদ ৯ হাজার ও জমির দাখিলার জন্য ২ হাজার টাকা নিয়েছে। আমি এই ভূয়া কাগজপত্র বিষয় কিছুই জানিনা ।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিস থেকে একটি প্রতারনা মামলা দেওয়া হয়েছে। উক্ত মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে, এদের বিরুদ্ধে আরো প্রতারনার অভিযোগ রয়েছে । বুধবার দুপুরে তাদেরকে পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।