পিরোজপুরের ইন্দুরকানীতে বনফুল পরিবহনের একটি বাসের চাপায় মোঃ মারুফ তালুকদার (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে পিরোজপুর-পাড়েরহাট-ইন্দুরকানী মহা সড়কের উমেদপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ তালুকদার ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের মৃত: আব্দুস সালাম তালুকদারের ছোট ছেলে ও ইন্দুরকানী বাজারের একজন টাইলস ব্যবসায়ী।
প্রতক্ষদর্শী মোঃ আকরাম বলেন, মঙ্গলবার দুপুর পৌনে ১১ টার দিকে মোটরসাইকেলে করে ইন্দুরকানী থেকে পিরোজপুরে যাওয়ার সময় পিরোজপুর-ইন্দুরকানী সড়কের উমেদপুর ব্রিজের ঢালে বনফুল পরিবহনের একটি বাস ও বিপরীত থেকে আসা মোটরচালক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী পরে থাকলে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুহিতোষ দাস বলেন, গুরুতর আহত অবস্থায় মারুফ তালুকদার নামে ওই মোটরসাইকেল চালককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
নিহত মারুফ তালুকদারের ভায়রা মোঃ সেলিম মুঠোফোনে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আশঙ্কাজনক অবস্থায় পিরোজপুর থেকে খুলনা নেওয়ার পথেই মারুফের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি ও এর চালককে আটক করা হয়েছে।